বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ধামাল’-এর চতুর্থ কিস্তিতে অভিনয় করেছেন অঞ্জলি আনন্দ। ছবির ‘শাড়ি’ গানে তাঁর উপস্থিতি দর্শকের নজর কাড়লেও, অভিনয়ের চেয়ে তাঁর শারীরিক গঠন নিয়েই বেশি আলোচনা ও সমালোচনা হচ্ছে। বিষয়টি নিয়ে মুখ খুলে অঞ্জলি বলেন, সমাজ এখনো একজন অভিনেত্রীর কাজের আগে তাঁর ওজনকেই বেশি গুরুত্ব দেয়।
এক সাক্ষাৎকারে তিনি জানান, মানুষ যত দিন তাঁর কাজের বদলে শরীর নিয়ে মন্তব্য করবে, তত দিন তিনি নিজের অভিনয়ের মাধ্যমে সেই ভুল ধারণা ভাঙার চেষ্টা চালিয়ে যাবেন। তাঁর বিশ্বাস, একজন অভিনেত্রীর দক্ষতাই চরিত্রের মূল শক্তি হওয়া উচিত, শরীরের গঠন নয়।
অঞ্জলির মতে, প্রচলিত নায়িকার সৌন্দর্যের বাইরে থাকা নারীদের জন্য এখনো পর্যাপ্ত অর্থবহ চরিত্র লেখা হয় না। নির্মাতাদের আরও বৈচিত্র্যময় চরিত্র তৈরি করার আহ্বান জানিয়ে তিনি বলেন, পর্দায় ভিন্ন ধরনের অভিনেত্রীদের উপস্থিতি যত বাড়বে, দর্শকের দৃষ্টিভঙ্গিও তত বদলাবে।
তিনি আরও বলেন, শুধু স্থূলতার জন্য নয়, রোগা হওয়া, গায়ের রং, চেহারা, টাক, পোশাক কিংবা ব্যবহৃত ব্র্যান্ড—এসব কারণেও মানুষকে নিয়মিত বিদ্রূপের শিকার হতে হয়। তাই এসব বিষয়কে ইতিবাচকভাবে তুলে ধরে সমাজে সচেতনতা তৈরি করাই এখন সময়ের দাবি।
সোশ্যাল মিডিয়ার ট্রল নিয়েও নির্ভার অঞ্জলি। তাঁর ভাষায়, সমালোচনা হবে জেনেই তাঁরা মানসিকভাবে প্রস্তুত ছিলেন। তাই ট্রলকে গুরুত্ব না দিয়ে নিজের কাজের প্রতিই মনোযোগী থাকতে চান তিনি।