‘জন নায়াগান’ ঘিরে কড়াকড়ি, টিকিট কালোবাজারি ঠেকাতে কঠোর অবস্থানে বিজয়

Share

তামিল সুপারস্টার থালাপতি বিজয় অভিনীত বহুল প্রতীক্ষিত রাজনৈতিক নাট্যধর্মী চলচ্চিত্র ‘জন নায়াগান’-এর মুক্তিকে সামনে রেখে টিকিট বিক্রিতে স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, টিকিটের কালোবাজারি, অতিরিক্ত মূল্য আদায় কিংবা ‘বেনিফিট শো’র নামে বাড়তি অর্থ নেওয়ার মতো অনিয়ম যেন না ঘটে, সে বিষয়ে নিজের টিমকে আগাম সতর্ক করেছেন বিজয়।

প্রতিবেদন অনুযায়ী, সিনেমার সাফল্যের বদলে টিকিট নিয়ে কোনো বিতর্ক আলোচনায় আসুক, তা চান না এই অভিনেতা-রাজনীতিক। এ কারণে টিকিট বিক্রির পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে সিনেমা মুক্তির সময় বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রশাসনের নজরদারি থাকতে পারে। নির্ধারিত দামের বেশি টিকিট বিক্রির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট হলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, এমনকি লাইসেন্স বাতিলের মতো পদক্ষেপও নেওয়া হতে পারে।

বিজয়ের জনপ্রিয়তার কারণে তাঁর সিনেমা মুক্তির সময় বরাবরই টিকিটের ব্যাপক চাহিদা থাকে। অতীতে বিভিন্ন স্থানে কালোবাজারি ও চড়া দামে টিকিট বিক্রির অভিযোগ ওঠায় এবার আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এদিকে ছবিটির মুক্তির তারিখ নিয়েও অনিশ্চয়তা রয়ে গেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কথিত সেন্সর সনদ ছড়িয়ে পড়লেও প্রযোজনা প্রতিষ্ঠান কেভিএন প্রোডাকশন সেটিকে ভুয়া বলে জানিয়েছে। তাদের দাবি, সেন্সর বোর্ডের পর্যালোচনা শেষ হলেও এখনো চূড়ান্ত ছাড়পত্র মেলেনি।

এইচ বিনোথ পরিচালিত ‘জন নায়াগান’ প্রথমে ২০২৬ সালের ৯ জানুয়ারি, পোঙ্গল উৎসব উপলক্ষে মুক্তির কথা ছিল। ২০২৪ সালে রাজনীতিতে যোগ দিয়ে পরে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার পর অভিনেতা হিসেবে এটিই হতে যাচ্ছে বিজয়ের শেষ চলচ্চিত্র, যা ছবিটিকে ঘিরে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে।