দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী নতুন গান ‘খেয়ালী সুর’ নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন। সম্প্রতি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটির কথা লিখেছেন আমিরুল ইসলাম অরুণ এবং সুর করেছেন ফোয়াদ নাসের বাবু।
নতুন গান প্রকাশ উপলক্ষে ফাহমিদা নবী বলেন, বর্তমান সংগীতাঙ্গনে ভিউ ও ভাইরাল হওয়ার প্রবণতা অতিমাত্রায় বেড়ে গেছে, যা সুস্থ সংগীতচর্চার জন্য ইতিবাচক নয়। তার মতে, সাময়িক জনপ্রিয়তার চেয়ে ভালো গান তৈরি করাই একজন শিল্পীর মূল লক্ষ্য হওয়া উচিত। তিনি বিশ্বাস করেন, প্রকৃত সংগীতপ্রেমীরা সবসময় ভালো গান খুঁজে নেন এবং তাদের ভালো লাগাই একজন শিল্পীর সবচেয়ে বড় প্রাপ্তি।
ফাহমিদা জানান, গত কয়েক বছর ধরে নিজের কণ্ঠের পাশাপাশি নিয়মিত সুরও করছেন। যদিও ‘খেয়ালী সুর’ তার নিজের সুর করা নয়, তবুও ভালো কথা ও সুর পেলে অন্যের সৃষ্টি গাইতেও তিনি সমানভাবে আগ্রহী। তার ভাষায়, নিজের সুরে গান গাওয়ার আলাদা তৃপ্তি থাকলেও প্রতিভাবান সুরকারদের সৃষ্টিতে কণ্ঠ দেওয়াও শিল্পীর জন্য সৌভাগ্যের।
তিনি আরও বলেন, ফোয়াদ নাসের বাবুর সুর এবং আমিরুল ইসলাম অরুণের কথার সমন্বয়ে ‘খেয়ালী সুর’ একটি হৃদয়ছোঁয়া গান হয়ে উঠেছে। গানটি শ্রোতাদের ভালো লাগবে বলেই তার প্রত্যাশা।