প্রায় ৯ কোটি রুপির চেক বাউন্স মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের রায় ঘোষণা করবে দিল্লি হাইকোর্ট। শুক্রবার বিচারপতি স্বর্ণা কান্তা শর্মার বেঞ্চে মামলার শুনানি ও রায় হওয়ার কথা রয়েছে।
মামলাটি শুরু হয় ২০১০ সালে, যখন রাজপাল যাদব তাঁর পরিচালিত সিনেমা ‘আতা পাতা লাপাতা’ নির্মাণের জন্য দিল্লিভিত্তিক একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৫ কোটি রুপি ঋণ নেন। পরে ঋণ পরিশোধের জন্য দেওয়া কয়েকটি চেক বাউন্স হওয়ায় আইনি জটিলতা তৈরি হয়।
২০১৮ সালে ম্যাজিস্ট্রেট আদালত রাজপাল ও তাঁর স্ত্রীকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেন। পরে মামলাটি দিল্লি হাইকোর্টে যায়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর সুদ ও জরিমানা যোগ হয়ে বকেয়ার পরিমাণ প্রায় ৯ কোটি রুপিতে পৌঁছায়।
শুনানির আগে আদালতের মাধ্যমে সমঝোতার চেষ্টা হলেও তা সফল হয়নি। রাজপাল দাবি করেছেন, তিনি ইতিমধ্যে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ পরিশোধ করেছেন এবং মামলার কারণে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
এর আগে আদালতের নির্দেশ অমান্যের অভিযোগে রাজপালকে তিহার জেলে আত্মসমর্পণ করতে হয়েছিল। পরে তিনি অন্তর্বর্তীকালীন জামিন পান। এখন দিল্লি হাইকোর্টের রায়ের দিকেই তাকিয়ে আছেন অভিনেতা ও তাঁর ভক্তরা।