বিয়ের পরই নতুন সুখবর নিয়ে হাজির আমির

Share

তৃতীয় বিয়ের মাত্র পাঁচ দিনের মাথায় ভক্তদের জন্য বড় সুখবর নিয়ে এলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। সম্প্রতি পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন তিনি। ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায় শুরু হওয়ার পর এবার পেশাগত জীবনেও নতুন এক আন্তর্জাতিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন এই অভিনেতা ও প্রযোজক।

আমির খান জানিয়েছেন, তার প্রযোজনা প্রতিষ্ঠান আমির খান প্রোডাকশনস অস্ট্রেলিয়ার মাইন্ড ব্লোয়িং ফিল্মস এবং পরিচালক কবীর খানের প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে নির্মাণ করতে যাচ্ছে নতুন চলচ্চিত্র ‘সিল্কইয়ারা ৪১’। আন্তর্জাতিক এই যৌথ প্রযোজনার মাধ্যমে ভারতীয় সিনেমাকে বৈশ্বিক পরিসরে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন তিনি।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন অস্ট্রেলীয় লেখক অ্যান্ড্রু আনাস্তাসিওস এবং পরিচালনার দায়িত্বে থাকছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা কবীর খান। ‘বজরঙ্গি ভাইজান’, ‘এক থা টাইগার’ ও ‘৮৩’-এর মতো আলোচিত সিনেমা নির্মাণ করে তিনি ইতোমধ্যেই দর্শকদের আস্থা অর্জন করেছেন।

‘সিল্কইয়ারা ৪১’ নির্মিত হবে ২০২৩ সালে উত্তরাখণ্ডের উত্তরকাশীতে ঘটে যাওয়া সিল্কইয়ারা টানেল দুর্ঘটনার সত্য ঘটনা অবলম্বনে। সেই ঘটনায় সুড়ঙ্গের ভেতরে আটকে পড়া ৪১ জন শ্রমিককে টানা ১৭ দিনের রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানের মাধ্যমে জীবিত বের করে আনেন উদ্ধারকর্মীরা। মানবিকতা, সাহস, ধৈর্য ও দলগত প্রচেষ্টার সেই ঘটনাই সিনেমার মূল উপজীব্য হবে।

নতুন এই প্রকল্প প্রসঙ্গে আমির খান বলেন, অস্ট্রেলিয়ার মাইন্ড ব্লোয়িং ফিল্মসের সঙ্গে এই সহযোগিতার ঘোষণা দিতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। তার ভাষায়, সিল্কইয়ারা টানেলের উদ্ধার অভিযান শুধু একটি দুর্ঘটনার গল্প নয়, এটি মানবিক সাহস, ঐক্য এবং আন্তর্জাতিক সহযোগিতার এক অনন্য উদাহরণ। তিনি আশা প্রকাশ করেন, চলচ্চিত্রটি বিশ্বের দর্শকদের কাছে অনুপ্রেরণার বার্তা পৌঁছে দেবে এবং দুই দেশের সৃজনশীল অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে।