বিশ্বকাপ ঘিরে প্রচলিত আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের হাস্যরসের গল্প থেকে বেরিয়ে এবার ফুটবলকে কেন্দ্র করে জুয়া ও অপরাধের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘ফুটবল হট্টগোল’। ১১ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাচ্ছে নাটকটি।
দীপু হাজরা পরিচালিত এই নাটকে আয়ান চৌধুরী চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা। গল্পে দেখা যায়, ফুটবল ম্যাচের ফল নিয়ে তাঁর করা ভবিষ্যদ্বাণী বারবার মিলে যাওয়ায় তিনি ‘অক্টোপাস ভাই’ নামে একটি ফেসবুক পেজ চালু করেন। পরে সেই ভবিষ্যদ্বাণী ঘিরে অনেকে বড় অঙ্কের জুয়ায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে হঠাৎ নিখোঁজ হন আয়ান, আর শুরু হয় রহস্যের নতুন অধ্যায়।
নাটকে শ্যামল মাওলার বিপরীতে অভিনয় করেছেন নিশাত প্রিয়ম। তিনি একজন ক্রীড়া সাংবাদিকের চরিত্রে আছেন, যিনি আয়ানের নিখোঁজ হওয়ার রহস্য অনুসন্ধানে নামেন। এতে আরও অভিনয় করেছেন ডলি জহুর, আজম খান, মাহমুদুল ইসলাম মিঠু ও জয়নাল জ্যাক।
নির্মাতা জানান, বিশ্বকাপভিত্তিক প্রচলিত হাস্যরসের বাইরে গিয়ে ফুটবলকে ঘিরে সমাজের অন্ধকার দিকগুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই নাটকে।