২০২১ সালের বনানীর বাসায় অভিযান ও গ্রেপ্তারের ঘটনা নিয়ে চার বছর পর প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। তাঁর দাবি, ওই সময় তাঁকে অন্যায়ভাবে ও বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল এবং এর পেছনে বিশেষ মহলের স্বার্থ ছিল।
সম্প্রতি র্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল (অব.) খাইরুল ইসলাম এক টকশোতে দাবি করেন, পরীমণিকে গ্রেপ্তারের সিদ্ধান্ত যৌক্তিক ছিল না। তাঁর বক্তব্যের পর পরীমণি জানান, সেই ঘটনা তাঁর ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনে গভীর প্রভাব ফেলেছে।
পরীমণির অভিযোগ, তাঁকে মিথ্যা মামলায় ২৮ দিন কারাগারে রাখা হয়েছিল এবং ঘটনার কারণে তাঁর সম্মান ও মানসিক শান্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি রাষ্ট্রের কাছে জানতে চেয়েছেন, হারানো সম্মান ও ক্ষতির দায় কে নেবে।
তবে তাঁর এসব অভিযোগের বিষয়ে তৎকালীন র্যাব মহাপরিচালক ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।