আজ কিংবদন্তি নাট্যনির্মাতা আব্দুল্লাহ আল মামুনের জন্মদিন

Share

আজ ১৩ জুলাই। বাংলা নাটক ও চলচ্চিত্রের প্রখ্যাত নাট্যকার, নির্মাতা ও অভিনেতা আব্দুল্লাহ আল মামুনের জন্মদিন। ১৯৪২ সালের এই দিনে তিনি জামালপুরে জন্মগ্রহণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৪ সালে ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৬৬ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রযোজক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে নাট্যরচনা, নির্দেশনা ও চলচ্চিত্র নির্মাণে অসামান্য সাফল্যের মাধ্যমে দেশের সাংস্কৃতিক অঙ্গনে অনন্য অবস্থান তৈরি করেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের ফিল্ম ও ভিডিও ইউনিটের পরিচালক এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্বও পালন করেন।

আব্দুল্লাহ আল মামুন নাট্যকার, নির্মাতা ও অভিনেতা—তিন পরিচয়েই ছিলেন সমান সফল। আমজাদ হোসেন পরিচালিত গোলাপী এখন ট্রেনে ও এখনই সময় চলচ্চিত্রে তাঁর অভিনয় আজও দর্শকের মনে বিশেষভাবে স্মরণীয়।

তাঁর সৃষ্টির মধ্যে শহীদুল্লাহ কায়সারের উপন্যাস অবলম্বনে নির্মিত ধারাবাহিক নাটক সংসপ্তক বাংলা নাটকের ইতিহাসে অন্যতম সেরা সৃষ্টি হিসেবে স্বীকৃত। এই নাটকই তাঁকে কিংবদন্তি নির্মাতার মর্যাদায় প্রতিষ্ঠিত করে।

দীর্ঘ কর্মজীবনে তিনি প্রথম জাতীয় টেলিভিশন পুরস্কার, বিভিন্ন বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, অগ্রণী ব্যাংক সাহিত্য পুরস্কার, মুনীর চৌধুরী সম্মাননা এবং একুশে পদকসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হন।

২০০৮ সালের ২১ আগস্ট ৬৫ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তবে তাঁর সৃষ্টি ও অবদান বাংলা নাটক ও সংস্কৃতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।