জনপ্রিয় সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুলের জন্মদিন আজ (১৩ জুলাই)। বিশেষ এই দিনটি পরিবারের সঙ্গে ঘরোয়া পরিবেশে উদযাপন করলেও ভক্তদের জন্য রেখেছেন সুরের উপহার। জন্মদিনের সন্ধ্যায় প্রকাশ পাচ্ছে তার নতুন গান ‘বেখেয়ালি মন’।
গানটির কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন পুতুলের স্বামী সৈয়দ রেজা আলী। কণ্ঠ দিয়েছেন পুতুল নিজেই, আর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রেজওয়ান সাজ্জাদ। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় ‘প্রজেক্ট রেজা পুতুল’ ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে।
পুতুল জানান, নতুন গানটিই এবারের জন্মদিনের সবচেয়ে বড় উপহার, যা তিনি উৎসর্গ করছেন তার শ্রোতা-ভক্তদের। বিশেষ দিনে কোনো বড় আয়োজন না করে পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন এই শিল্পী। তবে স্বামী দেশের বাইরে থাকায় জন্মদিনে একসঙ্গে থাকার সুযোগ হয়নি তাদের।
‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পাওয়া পুতুল দীর্ঘদিন ধরে মৌলিক গান, গান লেখা ও সুর সৃষ্টির মাধ্যমে সংগীতাঙ্গনে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন।