পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা ইমরান আব্বাস কি অভিনয় থেকে দূরে সরে যাচ্ছেন—এমন জল্পনার অবসান ঘটিয়েছেন তিনি নিজেই। এক ভক্তের প্রশ্নের জবাবে অভিনেতা জানিয়েছেন, আপাতত শোবিজে ফেরার কোনো ইচ্ছা নেই তার।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভক্ত জানতে চেয়েছিলেন, কবে আবার অভিনয়ে ফিরবেন তিনি। উত্তরে ইমরান বলেন, “সত্যি বলতে, আপাতত কোনো ইচ্ছা নেই।” তার এই মন্তব্যের পরই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নানা আলোচনা।
গত কয়েক বছর ধরে পর্দায় তার উপস্থিতি কমে গেছে। ২০২৪ সালে একটি সিনেমা ও একটি মিনি সিরিজে দেখা গেলেও এরপর নতুন কোনো কাজের ঘোষণা আসেনি। তবে অভিনয় থেকে দূরে থাকার নির্দিষ্ট কোনো কারণ জানাননি এই অভিনেতা।
‘খোদা অউর মোহাব্বত’সহ জনপ্রিয় নাটকের মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া ইমরান আব্বাস ভারত ও বাংলাদেশেও পরিচিত মুখ। বলিউডের ‘ক্রিয়েচার থ্রিডি’ ও ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ অভিনয় করেও প্রশংসা পেয়েছেন তিনি।