দেশজুড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট ও হবিগঞ্জসহ বেশ কয়েকটি জেলা পানির নিচে তলিয়ে গেছে। বন্যার পাশাপাশি বিভিন্ন এলাকায় পাহাড়ধসও পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। এই দুর্যোগে লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন এবং প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক মানুষ।
দেশের এমন সংকটময় সময়ে সাধারণ মানুষের পাশাপাশি উদ্বেগ প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের তারকারাও। ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টে বন্যার্তদের দুর্দশার চিত্র তুলে ধরেছেন। তিনি লিখেছেন, ‘দেশের মানুষ মারা যাচ্ছে, লাশ ভেসে যাচ্ছে, মানুষের ঘরে খাবার নেই, চারদিকে শুধু পানি। এমন অবস্থাতেও মানুষ পরীক্ষা দিতে যাচ্ছে, অফিসে যাচ্ছে।’
এরপর নিরাপদ অবস্থানে থাকা মানুষের প্রতি কৃতজ্ঞ ও মানবিক হওয়ার আহ্বান জানিয়ে ফারিণ বলেন, ‘যাদের মাথার ওপর ছাদ, ঘরে বিদ্যুৎ ও পর্যাপ্ত খাবার আছে, তারা নিজেকে সৌভাগ্যবান মনে করুন। আসুন, নিজ নিজ অবস্থান থেকে যতটুকু সম্ভব বন্যার্ত মানুষের পাশে দাঁড়াই।’