বলিউড তারকা শাহরুখ খান ও গৌরী খানের বাড়ি ‘মান্নাত’ সংস্কার নিয়ে করা আবেদন খারিজ করেছে ভারতের সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (১৪ জুলাই) আদালত জানায়, এটি একটি ব্যক্তিগত সম্পত্তি এবং আইন মেনে মালিক চাইলে বাড়িতে প্রয়োজনীয় সংস্কার বা পরিবর্তন করতে পারেন।
মুম্বাইয়ের এক বাসিন্দা অভিযোগ করেছিলেন, ‘মান্নাত’ সংস্কারের অনুমতি দেওয়ার ক্ষেত্রে পরিবেশগত নিয়ম যথাযথভাবে মানা হয়নি। তবে সুপ্রিম কোর্ট সেই আবেদন গ্রহণ করেনি। আদালত স্পষ্ট করে জানায়, এই সিদ্ধান্তে শাহরুখ খানের তারকা পরিচয়ের কোনো প্রভাব নেই।
এর আগে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালও (এনজিটি) একই অভিযোগ খারিজ করে জানিয়েছিল, সংস্কারকাজের জন্য প্রয়োজনীয় সরকারি অনুমোদন নেওয়া হয়েছে।
গৌরী খান ‘মান্নাত’-এর পাশের ছয়তলা ভবনে আরও দুটি তলা নির্মাণের পরিকল্পনা করায় বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর এখন সেই সংস্কারকাজ চালিয়ে যেতে আর কোনো আইনি বাধা থাকছে না।