মিডিয়ায় ১৪ বছরের পথচলায় কখনো কোনো আপত্তিকর বা খারাপ প্রস্তাব পাননি বলে দাবি করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নিজের ক্যারিয়ার, ব্যক্তিগত সংগ্রাম ও তাকে ঘিরে ছড়ানো গুঞ্জন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক পোস্টে নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি।
শবনম ফারিয়া জানান, ২০১২ সালে ফটোশুট ও বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করেন তিনি। পড়াশোনার কারণে কিছু সময় বিরতি নেওয়ার পর ২০১৫ সাল থেকে নিয়মিত অভিনয় শুরু করেন। পরে করোনা পরিস্থিতি, বিবাহবিচ্ছেদ ও শারীরিক জটিলতার কারণে অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়ে উচ্চশিক্ষা ও চাকরিতে মনোযোগ দেন।
নিজের কর্মজীবন প্রসঙ্গে ফারিয়া বলেন, দীর্ঘ ১৪ বছরে কেউ তাকে সরাসরি বা ইঙ্গিতে কোনো অনৈতিক প্রস্তাব দেওয়ার সাহস পায়নি। তার মতে, একজন মানুষকে নিজের সীমারেখা ও ব্যক্তিত্বের মাধ্যমে সম্মান অর্জন করতে হয়।
অভিনেত্রী আরও জানান, সহকর্মীদের কাছ থেকে তিনি সবসময় ভালোবাসা ও সম্মান পেয়েছেন। তিনি নিজেকে পরিচালকের শিল্পী হিসেবে উল্লেখ করে বলেন, কাজের ক্ষেত্রে সবসময় পেশাদারিত্ব বজায় রেখেছেন।
নিজেকে ঘিরে ছড়ানো গুজবের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে শবনম ফারিয়া জানান, মিথ্যা অভিযোগ বা ভিত্তিহীন তথ্য ছড়ানো হলে প্রয়োজনীয় প্রমাণসহ তিনি আইনি পদক্ষেপ নিতেও প্রস্তুত।
