পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণ করছেন নায়িকা ববিতা

Share

জীবনের শেষ অধ্যায়ে মানুষের জন্য স্মরণীয় কিছু রেখে যেতে চান বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা। সেই ভাবনা থেকেই যশোরের বিজয়নগরে নিজের পৈতৃক ভিটায় একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন তিনি।

সম্প্রতি বড় বোন সুচন্দা ও ছোট বোন চম্পাকে নিয়ে দাদাবাড়ি ঘুরে এসে মসজিদের জন্য জায়গা নির্বাচন করেছেন ববিতা। তিনি জানান, সৃষ্টিকর্তার দেওয়া সুযোগ হিসেবে এই কাজটি করতে চান এবং শিগগিরই নকশা তৈরি করে নির্মাণকাজ শুরু করবেন।

দীর্ঘ চলচ্চিত্রজীবনে তিন শতাধিক সিনেমায় অভিনয় করা ববিতা বাংলা চলচ্চিত্রের অন্যতম উজ্জ্বল নাম। ‘অশনি সংকেত’, ‘আলোর মিছিল’, ‘দহন’সহ অসংখ্য সিনেমায় অভিনয়ের জন্য তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০১৬ সালে চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে দেওয়া হয় আজীবন সম্মাননা।