বলিউড অভিনেতা আমির খানের তৃতীয় বিয়েতে সাবেক দুই স্ত্রী রীনা দত্ত ও কিরণ রাওয়ের অনুপস্থিতি নিয়ে নানা জল্পনা চললেও, এর ব্যাখ্যা দিয়েছেন তার ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেতা আমিন হাজি। রেডিফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বিয়ের সময় কিরণ রাও যুক্তরাজ্যে থাকায় অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। তবে তাদের ছেলে আজাদ ভারতে এসে বিয়েতে উপস্থিত ছিল।
রীনা দত্তর অনুপস্থিতি নিয়েও নেতিবাচক কিছু দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেন আমিন। তার ভাষ্য, সব অনুপস্থিতির পেছনে সম্পর্কের টানাপোড়েন থাকে না; অনেক সময় ব্যক্তিগত পরিসর ও স্বস্তিকে সম্মান জানাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি আরও জানান, বিচ্ছেদের পরও আমির, রীনা ও কিরণের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। তারা এখনো বিভিন্ন সামাজিক উদ্যোগে একসঙ্গে কাজ করেন। ৫ জুলাই ঘরোয়া আয়োজনে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন আমির খান। অনুষ্ঠানে পরিবার ও ঘনিষ্ঠজনেরা উপস্থিত থাকলেও আয়োজন ছিল একেবারেই সাদামাটা।