আর্জেন্টিনার ফুটবল তারকা রদ্রিগো দি পল ও সংগীতশিল্পী-অভিনেত্রী টিনি স্তোসেল এখন বিশ্বের আলোচিত তারকা জুটি। ২০২২ সালে শুরু হওয়া তাদের সম্পর্ক মাঝে বিচ্ছেদের পর আবারও নতুন করে শুরু হয়। ২০২৬ সালের মে মাসে বাগ্দানের ঘোষণা দিয়ে সম্পর্ককে নতুন মাত্রা দেন তারা।
টিনির আসল নাম মার্তিনা স্তোসেল। ডিজনি চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক ভিওলেত্তা দিয়ে পরিচিতি পাওয়া এই শিল্পী পরে সংগীতজগতে বড় সাফল্য পান। তাঁর একাধিক অ্যালবাম ও গান লাতিন আমেরিকাসহ আন্তর্জাতিক অঙ্গনে জনপ্রিয়তা পেয়েছে।
অন্যদিকে, দি পল আর্জেন্টিনার জাতীয় দলের গুরুত্বপূর্ণ ফুটবলার এবং ২০২২ বিশ্বকাপজয়ী দলের সদস্য। ক্যারিয়ারের ব্যস্ততার মাঝেও দুজন একে অন্যের বড় সমর্থক হিসেবে পরিচিত। মাঠে ও মঞ্চে একে অপরকে উৎসাহ দিতে দেখা গেছে তাদের।
সম্পর্কের নানা ওঠানামার পরও ভালোবাসার বন্ধন অটুট রেখেছেন দি পল ও টিনি। বাগ্দানের খবরের পর ভক্তদের মাঝে এই তারকা জুটিকে নিয়ে আগ্রহ আরও বেড়েছে।