বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ আজ ৪৩ বছরে পা দিলেন। ১৯৮৩ সালের ১৬ জুলাই হংকংয়ে জন্ম নেওয়া এই অভিনেত্রী দুই দশকের বেশি সময় ধরে অভিনয়, নাচ ও পর্দার আকর্ষণ দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা ক্যাটরিনার বলিউড যাত্রা সহজ ছিল না। ২০০৫ সালে ম্যায়নে পেয়ার কিউ কিয়া সিনেমায় অভিনয়ের পর তার ক্যারিয়ারে বড় পরিবর্তন আসে। এরপর নমস্তে লন্ডন, ওয়েলকাম, সিং ইজ কিং, এক থা টাইগার, জব তাক হ্যায় জানসহ একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি।
অভিনয়ের পাশাপাশি নাচের দক্ষতাতেও আলাদা পরিচিতি পেয়েছেন ক্যাটরিনা। শীলা কি জওয়ানি, চিকনি চামেলি ও কালা চশমার মতো গানে তার পারফরম্যান্স আজও জনপ্রিয়।
২০২১ সালে অভিনেতা ভিকি কৌশলকে বিয়ে করা ক্যাটরিনা বর্তমানে অভিনয়ের পাশাপাশি নিজের ব্যবসা ও ব্যক্তিগত জীবন নিয়েও ব্যস্ত। জন্মদিনে ভক্তদের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন বলিউডের এই গ্ল্যামার কুইন।