শাড়ি প্রতারণা মামলায় মুখ খুললেন তানজিন তিশা

Share

শাড়ি সংক্রান্ত প্রতারণা মামলার বিষয়ে দীর্ঘ নীরবতার পর মুখ খুলেছেন অভিনেত্রী তানজিন তিশা। তার দাবি, ১৪ বছরের পরিশ্রমে গড়ে ওঠা ক্যারিয়ার মাত্র ২৭ হাজার টাকার একটি শাড়ির কারণে ক্ষতিগ্রস্ত করার কোনো কারণ নেই।

বনানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিশা জানান, মামলা চলমান থাকায় এতদিন এ বিষয়ে কথা বলেননি। তবে দেশের বিচারব্যবস্থার প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে এবং আগামী ১৩ আগস্ট আদালতে উপস্থিত হয়ে আইনগতভাবেই বিষয়টির মোকাবিলা করবেন।

একটি অনলাইন ফ্যাশন পেজের পক্ষ থেকে করা মামলায় অভিযোগ করা হয়েছে, প্রচারণার জন্য নেওয়া ২৭ হাজার টাকা মূল্যের একটি শাড়ির মূল্য পরিশোধ বা প্রতিশ্রুত কার্যক্রম সম্পন্ন করেননি তিনি। অভিযোগ অস্বীকার করে তিশা বলেন, দীর্ঘদিনের ক্যারিয়ার ও সুনামের কথা বিবেচনা করলে এমন অভিযোগ বিশ্বাসযোগ্য নয়।

এদিকে অভিনয়ের ব্যস্ততায় নাটকের সংখ্যা কমিয়ে সিনেমায় মনোযোগ দিচ্ছেন এই অভিনেত্রী। তার প্রথম সিনেমা ‘সোলজার’-এ শাকিব খানের বিপরীতে দেখা যাবে তাকে।