বলিউড তারকা কাজল পেলেন পশ্চিমবঙ্গের আনন্দবাজার ডটকমের ‘বছরের বেস্ট ২০২৬’ সম্মাননা। শুক্রবার পুরস্কার গ্রহণের পর নানা প্রসঙ্গে খোলামেলা কথা বলেন তিনি।
বাংলা শিকড় থাকলেও বাংলা সিনেমা নিয়মিত দেখা হয় না বলে অকপটে স্বীকার করেন কাজল। তবে সময় ও উপযুক্ত গল্প মিললে বাংলা চলচ্চিত্রে অভিনয়ের আগ্রহ রয়েছে বলেও জানান তিনি।
মা, কিংবদন্তি অভিনেত্রী তনুজার উত্তরসূরি হিসেবে নিজেকে এখনও শিখতে থাকা একজন শিল্পী বলেই মনে করেন কাজল। তার ভাষায়, মায়ের দেখানো পথই আজও তাকে অনুপ্রাণিত করে।
কাজল আরও জানান, সময়ানুবর্তিতাই তার সবচেয়ে বড় অভ্যাস। নির্ধারিত সময়ে শুটিং সেটে পৌঁছানো এবং কাজ শেষ করে সময়মতো বের হওয়াকে তিনি নিজের পেশাদারিত্বের অংশ বলে মনে করেন।
এবারের ‘বছরের বেস্ট’ সম্মাননায় কাজলের পাশাপাশি অভিনেতা দেব, পাওলি দাম, নিকিতা গান্ধী ও ব্রাত্য বসুসহ আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বও পুরস্কৃত হয়েছেন।