ভারতের চলচ্চিত্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি ‘৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৪’ ঘোষণা করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) নয়াদিল্লিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিভিন্ন ভাষার ভারতীয় চলচ্চিত্রে অসাধারণ অবদান রাখা শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের নাম প্রকাশ করে।
এবার সেরা অভিনেতা বিভাগে যৌথভাবে পুরস্কার জিতেছেন মালয়ালম চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা মামুট্টি এবং বলিউড তারকা কার্তিক আরিয়ান। মালয়ালম হরর চলচ্চিত্র ব্রহ্মযুগম-এ অনবদ্য অভিনয়ের জন্য মামুট্টি এবং স্পোর্টস ড্রামা চান্দু চ্যাম্পিয়ন-এ অসাধারণ পারফরম্যান্সের জন্য কার্তিক এই সম্মান অর্জন করেন।
অন্যদিকে, সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন ইয়ামি গৌতম। আর্টিকেল ৩৭০ সিনেমায় তার শক্তিশালী অভিনয় তাকে ক্যারিয়ারের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দিয়েছে। শুধু অভিনয় নয়, ছবিটিও এবার সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে স্বীকৃতি পেয়েছে।
১১ সদস্যের জুরি বোর্ডের নেতৃত্ব দেন নির্মাতা জয়রাজ। ভারতের বিভিন্ন ভাষার চলচ্চিত্র মূল্যায়ন করে তারা বিজয়ীদের চূড়ান্ত তালিকা নির্ধারণ করেন।
অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগে ভক্ষক সিনেমার জন্য সঞ্জয় মিশ্র পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার। অমরন ছবির জন্য রাজকুমার পেরিয়াসামি হয়েছেন সেরা পরিচালক। আর স্বাতন্ত্র্য বীর সাভারকর নির্মাণের মাধ্যমে রণদীপ হুদা অর্জন করেছেন সেরা নবাগত পরিচালকর জাতীয় পুরস্কার।
ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে অনুমোদিত চলচ্চিত্রগুলোকে বিবেচনায় নিয়ে এবার মোট ৪৩টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করেছে। বরাবরের মতোই এই পুরস্কার ঘোষণাকে ঘিরে ভারতীয় চলচ্চিত্র অঙ্গন ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।