কাজের আনন্দ বয়সের ছাপ মুছে দেয়

Share

প্রখ্যাত অভিনেতা, নির্মাতা ও শিল্পী আফজাল হোসেন আজ ৭২ বছরে পা দিলেন। জন্মদিনে ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হলেও বরাবরের মতোই অনাড়ম্বর এই বিশেষ দিনটি কাটাতে পছন্দ করেন তিনি।

আফজাল হোসেন মনে করেন, বয়স শুধু একটি সংখ্যা। ভালোবাসা ও আনন্দ নিয়ে কাজ করে যেতে পারলেই মানুষের প্রাণবন্ততা ধরে রাখা যায়। জন্মদিনে তার একমাত্র প্রত্যাশা—জীবনের শেষ দিন পর্যন্ত আনন্দের সঙ্গে সৃষ্টিশীল কাজ করে যাওয়া।

১৯৫৪ সালের এই দিনে সাতক্ষীরার পারুলিয়ায় জন্ম নেওয়া আফজাল হোসেন চার দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। অভিনয়, নির্মাণ, চিত্রাঙ্কন ও লেখালেখি—সব ক্ষেত্রেই রয়েছে তার সাফল্যের স্বাক্ষর।

ঢাকা থিয়েটারের মাধ্যমে মঞ্চে যাত্রা শুরু করে টেলিভিশনে জনপ্রিয়তা পান তিনি। ‘বহুব্রীহি’, ‘পারলে না রুমকি’, ‘কূল নাই কিনার নাই’সহ অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন। সুবর্ণা মুস্তাফার সঙ্গে তার জুটি আজও স্মরণীয়। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন নির্মাণেও তিনি দেশের অন্যতম পরিচিত নাম।