ভাইরাল একটি ভিডিও ঘিরে বলিউড তারকা সালমান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন অনুরাগীরা। মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে অভিনেতার উপস্থিতির ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকেই তার ওজন কমে যাওয়া ও ক্লান্ত চেহারা নিয়ে মন্তব্য করছেন।
স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটির অনুষ্ঠানে সালমান নতুন আইটি সার্ভার রুম উদ্বোধন এবং পুনর্বাসিত পরিবারের হাতে ঘরের চাবি তুলে দেন। তবে তার মানবিক উদ্যোগের পাশাপাশি আলোচনায় আসে শারীরিক পরিবর্তন। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ তার সুস্থতা কামনা করেছেন, আবার অনেকে স্বাভাবিক বয়সজনিত পরিবর্তন বলেও মন্তব্য করেছেন।
তবে সালমান খান বা তার টিমের পক্ষ থেকে স্বাস্থ্য নিয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি। এদিকে কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেতা। ‘মাতৃভূমি’ সিনেমার কাজের পাশাপাশি নতুন কয়েকটি প্রকল্প নিয়েও এগিয়ে যাচ্ছেন তিনি। তাই ভাইরাল ভিডিও ঘিরে নানা আলোচনা চললেও, প্রকৃত অবস্থা জানতে ভক্তরা অপেক্ষায় আছেন অভিনেতার আনুষ্ঠানিক বক্তব্যের।