ফুটবল বিশ্বকাপ এলেই বাংলাদেশের আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের উন্মাদনা ছড়িয়ে পড়ে সর্বত্র। সেই আবেগ থেকে দূরে নন ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমাও। শৈশবের স্মৃতি, পরিবারের ভালোবাসা আর ম্যারাডোনা-মেসির প্রতি মুগ্ধতা—সব মিলিয়ে আর্জেন্টিনার প্রতি তার রয়েছে বিশেষ টান।
পূর্ণিমা জানান, ছোটবেলায় চারপাশে আকাশি-সাদা পতাকা, ভবন সাজানোর প্রতিযোগিতা এবং ম্যারাডোনাকে ঘিরে মানুষের উচ্ছ্বাস দেখেই আর্জেন্টিনার প্রতি আগ্রহ তৈরি হয়। পরিবারের সবাইও ছিলেন ম্যারাডোনার ভক্ত, যা তার ভালোবাসা আরও গভীর করে।
ব্রাজিলের চেয়ে আর্জেন্টিনাকে কেন বেশি পছন্দ করেন—এমন প্রশ্নে পূর্ণিমার উত্তর, ‘আর্জেন্টিনায় ম্যারাডোনা ছিল, এখন মেসি আছে।’ এবারের বিশ্বকাপে স্বামী আশফাকুর রহমানের উৎসাহে আরও বেশি আর্জেন্টিনা নিয়ে মেতে উঠেছেন তিনি। জার্সি পরে খেলা দেখা থেকে শুরু করে প্রিয় দলের জয় উদ্যাপন—সবকিছুতেই এখন রয়েছে বাড়তি উচ্ছ্বাস।
ঢালিউডের এই জনপ্রিয় অভিনেত্রী দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সফল সিনেমায় অভিনয় করেছেন। বর্তমানে বেছে বেছে কাজ করছেন এবং পছন্দের গল্প ও চরিত্রের অপেক্ষায় রয়েছেন তিনি।