দ্বিতীয় সন্তান আগমনের অপেক্ষায় থাকা সত্ত্বেও কাজের প্রতি পেশাদারিত্বে কোনো ছাড় দিচ্ছেন না বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থাতেই তিনি পরিচালক অ্যাটলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাকা’র দৃশ্যধারণের কাজ চালিয়ে যাচ্ছেন। মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগেই নিজের অংশের কাজ শেষ করতে তিনি রাতেও শুটিং করছেন এবং ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্যে অংশ নিচ্ছেন।
ভ্যারাইটি ইন্ডিয়ার একটি প্রতিবেদনে জানানো হয়েছে, সেটে শারীরিক প্রতিকূলতা থাকা সত্ত্বেও প্রতিদিন শুটিংয়ে সময় দিচ্ছেন দীপিকা। একটি সূত্রের মতে, “বাড়িতে দেড় বছর বয়সী কন্যাসন্তানকে সামলানোর পাশাপাশি ছবির কাজ নির্ধারিত সময়ে শেষ করার বিষয়ে দীপিকা দারুণ দৃঢ়প্রতিজ্ঞ। অ্যাকশন দৃশ্যগুলো বেশ পরিশ্রমসাধ্য হলেও তিনি সেগুলো সফলভাবে সম্পন্ন করছেন, যা পুরো ইউনিটের জন্যই এক বড় অনুপ্রেরণা।”
বিজ্ঞান কল্পকাহিনি ও ফ্যান্টাসির মিশেলে নির্মিতব্য বড় বাজেটের প্যান-ইন্ডিয়া ছবি ‘রাকা’-তে দীপিকার সঙ্গে মূল ভূমিকায় আছেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। গুঞ্জন রয়েছে, ছবিটিতে আল্লু অর্জুনকে একাধিক চরিত্রে দেখা যেতে পারে। আন্তর্জাতিক মানের একাধিক ভিএফএক্স (VFX) স্টুডিও এই প্রকল্পের কাজ করছে, যা প্রযুক্তিগত দিক থেকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম বড় প্রযোজনা হিসেবে ধরা হচ্ছে। ছবিটির সংগীত পরিচালনা করছেন তরুণ সুরকার সাই অভ্যাঙ্ককর এবং এটি ২০২৭ সালের ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে।
উল্লেখ্য, শারীরিক প্রতিকূলতা নিয়ে শুটিং করার অভিজ্ঞতা দীপিকার এই প্রথম নয়। এর আগে প্রথম সন্তানসম্ভবা থাকাকালেও তিনি ‘কল্কি ২৮৯৮ এডি’ এবং ‘সিংগাম অ্যাগেইন’ সিনেমার ক্লাইম্যাক্সের বেশ কিছু গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যে সফলভাবে পারফর্ম করেছিলেন।