গ্ল্যামারের গণ্ডি পেরিয়ে নতুন পরিচয়ে রুমা

Share

মডেল ও অভিনেত্রী সৈয়দ রুমা এবার যুক্ত হলেন দেশের ক্রীড়া প্রশাসনে। বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সহসভাপতি হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।

নতুন দায়িত্বকে সম্মান ও গর্বের বলে উল্লেখ করে রুমা বলেন, দেশের জিমন্যাস্টিকসের উন্নয়ন এবং প্রতিভাবান তরুণ ক্রীড়াবিদদের এগিয়ে নিতে কাজ করার সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞ। এ দায়িত্ব দেওয়ার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্যদের ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে সবার সহযোগিতায় বাংলাদেশ জিমন্যাস্টিকস আন্তর্জাতিক অঙ্গনে আরও সাফল্য অর্জন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

২০০২ সালে মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা সৈয়দ রুমা দেশের পরিচিত মডেল, অভিনেত্রী ও মডেল কোরিওগ্রাফার। দীর্ঘদিন ফ্যাশন ও বিনোদন অঙ্গনে কাজ করার পর এবার ক্রীড়া প্রশাসনে নতুন দায়িত্বের মধ্য দিয়ে তার কর্মজীবনে যুক্ত হলো আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়।