দেশের বরেণ্য সংগীতশিল্পী খুরশীদ আলমের দীর্ঘ সংগীতজীবন ও ব্যক্তিগত জীবনের নানা অজানা অধ্যায় নিয়ে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে বাজে কী সুর’। এটি নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।
নির্মাতার ভাষ্য, প্রামাণ্যচিত্রটিতে খুরশীদ আলমের সংগীতজীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত, ব্যক্তিজীবনের স্মৃতি, অজানা গল্প এবং বাংলাদেশের সংগীতে তাঁর উল্লেখযোগ্য অবদান তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে দর্শকরা শিল্পীকে নতুনভাবে জানার সুযোগ পাবেন।
শাইখ সিরাজ বলেন, খুরশীদ আলম শুধু একজন গুণী শিল্পীই নন, ব্যক্তিজীবনেও তিনি প্রাণবন্ত ও বিনয়ী মানুষ। দীর্ঘ সাফল্যময় ক্যারিয়ারেও তাঁর মধ্যে অহংকারের ছাপ নেই। সংগীতের প্রতি তাঁর নিবেদন এবং সহজ-সরল ব্যক্তিত্বই প্রামাণ্যচিত্রে ফুটে উঠেছে।
আগামী ১ আগস্ট, খুরশীদ আলমের জন্মদিন উপলক্ষে বিকেল ৫টা ৪০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে বাজে কী সুর’।