অভিনয় থেকে বিরতি নেওয়া এবং নতুন গান প্রকাশ না করার ঘোষণা দেওয়ার পর আবারও দর্শকের সামনে ফিরছেন জনপ্রিয় শিল্পী ও অভিনেতা তাহসান খান। তবে এবার অভিনয় নয়, তিনি দেখা দেবেন উপস্থাপক হিসেবে।
বিশ্বখ্যাত সংগীত প্রতিযোগিতা ইউরোভিশন সং কনটেস্ট-এর বাংলাদেশ পর্ব ‘ভয়েজ অব বাংলাদেশ’-এর সঞ্চালকের দায়িত্ব পালন করবেন তাহসান। এই প্রতিযোগিতার মাধ্যমে প্রথমবারের মতো ইউরোভিশন সং কনটেস্ট এশিয়ায় অংশ নেওয়ার জন্য বাংলাদেশের প্রতিনিধি নির্বাচন করা হবে।
প্রতিযোগিতার বিচারক হিসেবে থাকছেন দেশের পাঁচ বিশিষ্ট সংগীতশিল্পী—ফাহমিদা নবী, হামিন আহমেদ, বাপ্পা মজুমদার, শওকত আলী ইমন এবং আঁখি আলমগীর। প্রাথমিক বাছাই শেষে বর্তমানে সেরা ১২ প্রতিযোগীকে নিয়ে চলছে বিশেষ গ্রুমিং পর্ব। আগামী ৩০ সেপ্টেম্বর গ্র্যান্ড ফিনালে নির্বাচিত হবেন বাংলাদেশের চূড়ান্ত প্রতিনিধি, যিনি ১৪ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬-এ দেশের প্রতিনিধিত্ব করবেন।
বুধবার (২২ জুলাই) ঢাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত পরিকল্পনার পাশাপাশি আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে সঞ্চালক তাহসান ও পাঁচ বিচারককে। প্রতিযোগিতার বিভিন্ন পর্ব এবং গ্র্যান্ড ফিনাল সম্প্রচার করবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ ও এনটিভি।
এদিকে উপস্থাপনার পাশাপাশি সামাজিক দায়িত্বেও সক্রিয় রয়েছেন তাহসান। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর শুভেচ্ছাদূত হিসেবে সম্প্রতি তিনি কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন এবং সেখানে তরুণদের সঙ্গে তাদের স্বপ্ন, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন।