মুক্তির মাত্র দেড় মাসের মধ্যেই নেটফ্লিক্সে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দেখা সিরিজগুলোর অন্যতম হয়ে উঠেছে দক্ষিণ কোরিয়ার ‘টিচ ইউ আ লেসন’। অনেকের মতে, ‘স্কুইড গেম’–এর পর এটি হতে পারে প্ল্যাটফর্মটির পরবর্তী বড় কোরিয়ান হিট।
নেটফ্লিক্সের প্রকাশিত জানুয়ারি–জুন সময়ের দর্শকসংখ্যার প্রতিবেদনে দেখা যায়, সিরিজটির ভিউ হয়েছে ৪ কোটি ৮২ লাখ। সিনেমা বাদ দিলে সবচেয়ে বেশি দেখা সিরিজের তালিকায় এটি রয়েছে ষষ্ঠ স্থানে।
গত ৫ জুন মুক্তি পাওয়া সিরিজটির গল্প আবর্তিত হয়েছে দক্ষিণ কোরিয়ার সংকটে থাকা শিক্ষাব্যবস্থাকে ঘিরে। সেটিকে রক্ষায় গড়ে ওঠা একটি বিশেষ সংস্থার কার্যক্রম অ্যাকশন ও সামাজিক বার্তার সমন্বয়ে তুলে ধরা হয়েছে এতে।
বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম ডেডলাইন বলছে, ‘স্কুইড গেম’-এর পর নেটফ্লিক্সের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক দেখা কোরিয়ান সিরিজ হওয়ার পথে রয়েছে ‘টিচ ইউ আ লেসন’।
তবে এখনো নেটফ্লিক্সে সবচেয়ে বেশি দেখা কোরিয়ান সিরিজের শীর্ষ তিনটি স্থান দখলে রয়েছে ‘স্কুইড গেম’–এর তিনটি মৌসুম। তালিকায় আরও রয়েছে ‘ক্যান দিস লাভ বি ট্রান্সলেটেড?’ এবং ‘দ্য আর্ট অব সারাহ’।
এদিকে টেলিভিশন ও নেটফ্লিক্সে একযোগে প্রচারিত কোরিয়ান নাটকগুলোর মধ্যেও ভালো সাড়া মিলেছে। এর মধ্যে ‘মাই রয়্যাল নেমেসিস’ পেয়েছে সবচেয়ে বেশি দর্শক, যার ভিউ ১ কোটি ৫৭ লাখ।