প্রশ্নফাঁস ইস্যুতে শিক্ষার্থীদের পাশে কমল হাসান ও আলিয়া ভাট

Share

ভারতে একের পর এক পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং প্রশাসনিক অনিয়মের প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। দিল্লির যন্তর মন্তরে শুরু হওয়া শিক্ষার্থীদের এই বিক্ষোভ আন্দোলন এখন ছড়িয়ে পড়েছে গোটা দেশজুড়ে। ভবিষ্যৎ গড়ার লড়াইয়ে নামা এই তরুণদের পাশে এবার সরাসরি এসে দাঁড়িয়েছেন ভারতের বিনোদন জগতের শীর্ষ তারকারা।

সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন বর্ষীয়ান তামিল অভিনেতা কমল হাসান এবং বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) শিক্ষাব্যবস্থার কঠোর সমালোচনা করে কমল হাসান লেখেন, “একজন শিশু যখন কাঁদে, তখন আমাদের তা শোনা উচিত। কিন্তু আমরা অপেক্ষা করেছি যতক্ষণ না আমাদের অনেক সন্তান মারা গেল। যে ব্যবস্থা শিক্ষার বদলে শুধু কোচিং, কৌতুহলের জায়গায় উদ্বেগ এবং যোগ্যতার বদলে অপরাধপ্রবণতাকে প্রশ্রয় দেয়, তা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।”

সরকারের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে তিনি আরও বলেন, “যে দেশে শিশুরা নিজেদের প্রশ্নের উত্তর পাওয়ার বদলে পুলিশের ব্যারিকেড ও লাঠিচার্জের মুখোমুখি হয়, সে দেশ ব্যর্থ।” এ সময় অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের উদ্দেশে তিনি অনশন ভেঙে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

অন্যদিকে ইনস্টাগ্রামে এক দীর্ঘ আবেগঘন পোস্টে আলিয়া ভাট লেখেন, “গত কয়েক দিনের ঘটনা একাধারে আমার হৃদয় ভেঙেছে, আবার নতুন আশার আলোও জুগিয়েছে। নিজেদের অধিকারের দাবিতে রাস্তায় নেমে আসা প্রতিটি শিক্ষার্থীর পেছনে একটি করে স্বপ্ন, একটি পরিবারের আশা এবং অগণিত ত্যাগের গল্প লুকিয়ে রয়েছে।”

শিক্ষার্থীদের অদম্য সাহসের প্রশংসা করে সরকারের প্রতি আলিয়ার প্রশ্ন, “যারা এই দেশের ভবিষ্যৎ গড়ে তুলবে, আমরা কি সত্যিই তাদের মনের কথা শুনছি?”