অভিনয়ের পাশাপাশি সংগীতেও নিজের অবস্থান শক্ত করছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। মাসখানেক আগে প্রকাশিত তার গান ‘লোকে বলে’ ইউটিউবে প্রায় ৬০ লাখ ভিউ ছাড়িয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এই ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবার ধীরলয়ের নতুন সংস্করণে গানটি প্রকাশ করেছেন তিনি, যেখানে লন্ডনের বিভিন্ন লোকেশনে ধারণ করা ভিডিওতে ভিন্ন এক ফারিয়াকে দেখা যায়।
ভিডিওর ক্যাপশনে ভক্তদের উদ্দেশে ফারিয়া লিখেছেন, “‘লোকে বলে’ এই পথচলার শুরু মাত্র।” প্রকাশের চার ঘণ্টার মধ্যেই ভিডিওটি প্রায় সাত লাখ ভিউ, ২২ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং পাঁচ শতাধিক মন্তব্য পেয়েছে। গানটির কথা লিখেছেন তাহজীব এম বাঁধন, সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির, আর ভিডিও নির্মাণ করেছেন বাবা যাদব।
এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন ফারিয়া। খুব শিগগিরই ‘বরবাদ’খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের কমেডি-থ্রিলার ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’-তে অভিনয় করবেন তিনি। আগামী মাসে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।