নতুন জুটির মায়াজালে ‘মায়াময়ী’

Share

মানুষ, প্রকৃতি এবং অন্যান্য প্রাণীর প্রতি মানবিক আবেগ ও মমত্ববোধের গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘মায়াময়ী’। সম্প্রতি রাজধানীর বিভিন্ন দৃষ্টিনন্দন লোকেশনে নাটকটির চিত্রধারনের কাজ সম্পন্ন হয়েছে।

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা শ্রাবণী ফেরদৌস। এতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন উদীয়মান শিল্পী আবিদ প্রান্ত ও ইন্দ্রানী নিশি। তরুণ এই নতুন জুটিকে নিয়ে নির্মাতার প্রত্যাশাও বেশ উঁচুতে।

নাটকটি প্রসঙ্গে পরিচালক শ্রাবণী ফেরদৌস বলেন, “গল্পটা মূলত মায়া আর ভালোবাসাকে কেন্দ্র করে। এই নাটকে একদমই নতুন দুটি মুখ প্রান্ত ও নিশি একসাথে অভিনয় করেছে। দুজনের অভিনয়ই ছিল বেশ নিখুঁত ও চমৎকার। আমি সবসময় নতুনদের সঙ্গে কাজ করতে পছন্দ করি। নতুনরা শুরুতে একদম সাদা ক্যানভাসের মতো থাকে, যেখানে নতুন করে চরিত্র ফুটিয়ে তোলা সহজ হয়। যদিও গল্পপ্রধান কাজে নতুনদের নিয়ে কাজ করা কিছুটা চ্যালেঞ্জিং, তবে তারা দুজনেই সেই চ্যালেঞ্জে দারুণ করেছে। আশা করি গল্পের শক্তিতেই এই নতুন জুটি দর্শকদের মন জয় করবে।”

নির্মাতা সূত্রে জানা গেছে, ‘মায়াময়ী’ নাটকে মানুষের সাথে প্রকৃতির ভারসাম্য এবং অবলা প্রাণীর গভীর আবেগঘন সম্পর্ক ফুটিয়ে তোলা হয়েছে, যা দর্শক মনে মানবিক অনুভূতির উদ্রেক করবে।

আগামী ৩০ জুলাই (বৃহস্পতিবার) এনটিভির পর্দায় প্রচারিত হবে বিশেষ এই নাটকটি। এতে প্রান্ত ও নিশি ছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আশরাফুল নিশি, লিসা ও খায়রুল আলম টিপুসহ আরও অনেকে।