রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

Share

বাংলা সাহিত্যের দুই অনন্য ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ ঠাকুর ও আর্জেন্টিনার সাহিত্যিক ভিক্টোরিয়া ওকাম্পোর ঐতিহাসিক সাক্ষাতের শতবর্ষ স্মরণে মঞ্চে আসছে ম্যাড থেটারের প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। আগামী ২৫ জুলাই সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

১৯২৪ সালে আর্জেন্টিনার সান ইসিদ্রোর মিরালরিও ভিলায় অসুস্থ কবিগুরুর সঙ্গে ভিক্টোরিয়া ওকাম্পোর যে স্মরণীয় সাক্ষাৎ হয়েছিল, সেই মানবিক সম্পর্ক, আবেগ ও সৃষ্টিশীল বিনিময়ের অধ্যায়ই নাটকটির মূল বিষয়। রিও দে লা প্লাতা নদীর তীরে কাটানো সেই সময়ের অনুভব ও টানাপোড়েনকে দুই চরিত্রের অভিনয়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে।

ম্যাড থেটারের প্রধান পরিচালক আসাদুল ইসলামের রচনা, পরিকল্পনা ও নির্দেশনায় নির্মিত নাটকটিতে রবীন্দ্রনাথের চরিত্রে অভিনয় করছেন আসাদুল ইসলাম এবং ভিক্টোরিয়া ওকাম্পোর ভূমিকায় রয়েছেন সোনিয়া হাসান। আলোক প্রক্ষেপণে আশরাফুল ইসলাম সায়ান এবং আবহসঙ্গীতে রয়েছেন পৃথুলা।