পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

Share

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে বিশেষ বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন করেছে চ্যানেল আই। চিত্রনায়িকা পূর্ণিমার প্রাণবন্ত উপস্থাপনায় প্রচারিত হবে এই বিশেষ পর্ব ‘চাঁদ তারার গুঞ্জরণ’। অনুষ্ঠানে নিজের ব্যক্তিজীবন, প্রেম, অভিনয় ক্যারিয়ার এবং পর্দার পেছনের নানা অজানা গল্প নিয়ে খোলামেলা আড্ডায় মেতে উঠেছেন এই সুপারস্টার।

একসময় রূপালী পর্দায় অত্যন্ত জনপ্রিয় ও সফল জুটি ছিলেন শাকিব খান ও পূর্ণিমা। নব্বইয়ের দশক থেকে পরবর্তী সময়ে একাধিক ব্যবসাসফল চলচ্চিত্র উপহার দেওয়া এই তারকা জুটির বন্ধুত্বপূর্ণ রসায়ন ও আন্তরিক কথোপকথনে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত রূপ নিয়েছে। অতীতের সেই স্মৃতিময় দিনগুলোর কথাও উঠে এসেছে তাঁদের আড্ডায়।

অনুষ্ঠানের শুরুতেই দর্শকদের জন্য ছিল বিশেষ চমক—‘পরান যায় জ্বলিয়া রে…’ জনপ্রিয় গানটির সুরের সঙ্গে নেচে স্টুডিওতে প্রবেশ করেন শাকিব খান ও পূর্ণিমা। পুরো পর্বজুড়ে শাকিব খানের দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতা, সংগ্রাম এবং ব্যক্তিগত জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে।

ইফতেখার মুনিমের প্রযোজনায় বিশেষ অনুষ্ঠান ‘চাঁদ তারার গুঞ্জরণ’ শুক্রবার (২৪ জুলাই) রাত ১০টায় চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হয়।