কাগজে-কলমে এটি ছিল নিখোঁজের একটি সাধারণ অভিযোগ, কিন্তু তদন্ত এগোতেই সামনে আসে মুম্বাইয়ের আলোচিত এক হত্যাকাণ্ডের ভয়াবহ কাহিনি। ঘটনাটির কেন্দ্রে ছিলেন টিভি ইন্ডাস্ট্রির কাস্টিং ডিরেক্টর নীরজ গ্রোভার, অভিনেত্রী মারিয়া সুসাইরাজ এবং তার প্রেমিক নৌ কর্মকর্তা এমিল জেরোম ম্যাথিউ।
২০০৮ সালের মে মাসে নীরজ নিখোঁজ হওয়ার পর তদন্তে জানা যায়, মারিয়ার মালাডের ফ্ল্যাটে ঘটেছিল সংঘর্ষের ঘটনা। অভিযোগ ওঠে, জেরোম সেখানে এসে নীরজকে হত্যা করেন এবং পরে মরদেহ গোপন করার চেষ্টা করা হয়। তদন্তে মোবাইল ফোনের অবস্থান, গাড়ি ও একাধিক অসঙ্গত তথ্যের মাধ্যমে ঘটনার রহস্য উন্মোচিত হয়।
দীর্ঘ তদন্ত ও বিচার শেষে আদালত মারিয়াকে প্রমাণ লোপাটের দায়ে দোষী সাব্যস্ত করেন এবং জেরোমকে অনিচ্ছাকৃত হত্যা ও প্রমাণ নষ্টের অভিযোগে সাজা দেন। তবে রায় নিয়ে নীরজের পরিবারসহ অনেকের মধ্যে অসন্তোষ তৈরি হয়। এই ঘটনা আজও মুম্বাইয়ের অন্যতম আলোচিত অপরাধ কাহিনি হিসেবে স্মরণ করা হয়।