পাঁচ বছর পর ‘নূরজাহান’ হয়ে ফিরলেন তটিনী

Share

পাঁচ বছর পর আবারও ধারাবাহিক নাটকে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এ তাকে দেখা যাবে ‘নূরজাহান’ চরিত্রে।
সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে তটিনীর প্রথম লুক প্রকাশ করেছে। এরপর থেকেই নাটকটি নিয়ে দর্শকদের আগ্রহ বেড়েছে।


ধারাবাহিকটিতে তটিনীর সঙ্গে অভিনয় করছেন খায়রুল বাসার, শহীদুজ্জামান সেলিম, সুমাইয়া শিমু, ফাইজুল ইয়ামিন, মনিরা মিঠু, মাহমুদুল ইসলাম মিঠু, দীপা খন্দকার, এজাজুল ইসলাম ও মুকিত জাকারিয়া। দীর্ঘদিন পর এই নাটকের মাধ্যমে ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী সুমাইয়া শিমুও।
নির্মাতা মোস্তফা কামাল রাজ জানিয়েছেন, পারিবারিক গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘ফিরে আসার গল্প’। আগামী মাসে নাটকটির শুটিং শুরু হবে। পরে সম্প্রচারের তারিখ জানানো হবে।


এর আগে রাজের ‘তোমাদের গল্প’, ‘তোমাদের গল্প ২’ ও ‘সম্পর্কের গল্প’-এ অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন তটিনী। সম্প্রতি তিনি নির্মাতার নতুন নাটক ‘পথহারা’-র শুটিংও শেষ করেছেন।
সবশেষে জাকারিয়া সৌখিন পরিচালিত ‘কাজল চোখের মেয়ে’ নাটকে ফারহান আহমেদ জোভানের বিপরীতে অভিনয় করে দর্শকপ্রশংসা পান তটিনী। নাটকটি ইউটিউবে প্রকাশের মাত্র আট দিনেই ১৩ মিলিয়নের বেশি ভিউ অর্জন করে।
এদিকে আজ মুক্তি পাচ্ছে তটিনীর নতুন নাটক ‘অমর প্রেম’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন পার্থ শেখ।
সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলেও আপাতত ছোট পর্দাতেই মনোযোগ দিতে চান তটিনী। তার ভাষায়, আরও প্রস্তুতি নিয়েই বড় পর্দায় অভিষেক করতে চান তিনি।