‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান, সত্যজিৎকে শ্রদ্ধা

Share

ভারতীয় চলচ্চিত্র এবং কালজয়ী বাঙালি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের প্রতি আবারও গভীর শ্রদ্ধা প্রকাশ করেছেন হলিউডের অস্কারজয়ী প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ক্রিস্টোফার নোলান। বিশেষ করে সত্যজিতের বিশ্বখ্যাত ‘অপু ট্রিলজি’র প্রথম পর্ব দেখে নিজের মুগ্ধতার কথা অকপটে স্বীকার করেছেন তিনি।

সম্প্রতি নিউইয়র্কের ঐতিহ্যবাহী ‘ক্রাইটেরিয়ন ক্লোজেট’ পরিদর্শনের সময় নোলান নিজের ব্যক্তিগত সংগ্রহের জন্য সত্যজিৎ রায়ের ‘দ্য অপু ট্রিলজি’র বিশেষ বক্সসেট বেছে নেন। আন্তর্জাতিক চলচ্চিত্র সংরক্ষণের জন্য পরিচিত ক্রাইটেরিয়ন কালেকশনের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিওতে এই দৃশ্য দেখা যায়।

ভিডিওতে সংগ্রহশালাটি ঘুরে দেখার একপর্যায়ে নোলান ‘দ্য অপু ট্রিলজি’ হাতে নিয়ে বলেন, “সত্যজিৎ রায় ভারতের অন্যতম সেরা চলচ্চিত্র নির্মাতা। ট্রিলজির প্রথম সিনেমা ‘পথের পাঁচালী’ এক কথায় অসাধারণ একটি সৃষ্টি। ছবিটি দেখার পর আমি পুরোপুরি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। যদিও এর দ্বিতীয় ও তৃতীয় পর্ব এখনও দেখা হয়নি, তাই বাকি গল্পটুকু উপভোগ করার জন্য এই বক্সসেটটি সাথে নিচ্ছি।”

উল্লেখ্য, ‘ক্রাইটেরিয়ন ক্লোজেট’ হলো ক্রাইটেরিয়ন কালেকশনের একটি বিশেষ আর্কাইভ, যেখানে বিশ্বখ্যাত এক হাজারের বেশি ক্লাসিক ও যুগান্তকারী চলচ্চিত্র সংরক্ষিত রয়েছে। বিশ্বের খ্যাতনামা নির্মাতা ও শিল্পীরা প্রায়শই এখানে এসে নিজেদের অনুপ্রেরণাদায়ী সিনেমাগুলো নিয়ে আলোচনা ও সংগ্রহ করে থাকেন।

১৯৫৫ সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ আন্তর্জাতিকভাবে বিপুল প্রশংসা কুড়ায়। পরবর্তীতে ১৯৫৬ সালে ‘অপরাজিত’ এবং ১৯৫৯ সালে ‘অপুর সংসার’ মুক্তির মাধ্যমে পূর্ণতা পায় বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অনন্য মাইলফলক ‘অপু ট্রিলজি’।