মা হলেন সংগীতশিল্পী অংকন

Share

মা হলেন জনপ্রিয় সংগীতশিল্পী অনন্যা ইয়াসমিন অংকন। রোববার (২৬ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জুইশ হাসপাতালে তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন।

গায়িকা জানিয়েছেন, মা ও নবজাতক—দুজনেই সুস্থ আছেন। ছেলের নাম রাখা হয়েছে অনন্য জিৎ। নবজাতকের জন্য ভক্ত-শ্রোতা ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন তিনি।

সন্তান জন্মের পর হাসপাতাল থেকে ছেলেকে কোলে নিয়ে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন অংকন। ক্যাপশনে তিনি লেখেন, “জীবনের যত দুঃখ, যাতনা, না পাওয়া, ত্যাগ—সব কিছু তোমায় দেখে ভুলে গেলাম খোকা। তুমিই তো আমাদের এক ‘অনন্য জিৎ’।”

সুখবর প্রকাশের পর থেকেই ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি সংগীত ও চলচ্চিত্র অঙ্গনের তারকারাও অংকন ও তাঁর নবজাতকের জন্য শুভকামনা জানিয়েছেন।

উল্লেখ্য, ২০২২ সালের ২৮ মে সংগীত পরিচালক ও গিটারিস্ট অভিজিৎ জিতুর সঙ্গে রেজিস্ট্রি বিয়ে করেন অনন্যা ইয়াসমিন অংকন। পরে ২০২৪ সালে পারিবারিক আয়োজনে আনুষ্ঠানিকভাবে বিয়ের খবর সবার সঙ্গে ভাগ করে নেন তারা।

লোকগান ও আধুনিক গানের মিশেলে নিজস্ব পরিচয় গড়ে তোলা অংকন তরুণ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পীদের একজন।