ঢাকা ও কলকাতায় সমান ব্যস্ততা থাকলেও ফিটনেস ধরে রেখেছেন অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি পশ্চিমবঙ্গের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, নিয়মিত জিম নয়, বরং প্রকৃতির কাছাকাছি জীবনযাপনই তাঁর সুস্থ থাকার মূল রহস্য।
জয়া বলেন, নিয়মিত জিমে যাওয়া তাঁর হয়ে ওঠে না। তবে নতুন সিনেমার শুটিং শুরুর কয়েক মাস আগে পিলাটিজ করে শরীরচর্চা করেন। বছরের বাকি সময় তিনি নিজের বাগানে কাজ করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
অভিনেত্রীর ভাষায়, “জিমের প্রয়োজনীয়তা অস্বীকার করি না। কিন্তু নিয়মিত করা হয় না। আমি চাষ করি। মাটি তৈরি করা, কোদাল দিয়ে মাটি কুপানো—এসব কাজই আমাকে ফিট রাখে।”
জয়ার বাড়ির বাগানে বিভিন্ন ধরনের সবজি চাষ হয়। সেই সবজি দিয়েই রান্না করা খাবার খেতে বেশি পছন্দ করেন তিনি। রাসায়নিকমুক্ত খাবারের প্রতিও তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
তবে পছন্দের খাবারের তালিকায় রয়েছে পিৎজা। মাঝে মধ্যে জাঙ্ক ফুড খেলেও তা নিয়ে অপরাধবোধে ভোগেন না তিনি। জয়ার মতে, “মাঝে মাঝে মন ও আত্মাকেও খাওয়ানো দরকার। অতিরিক্ত নিয়ম মেনে চললে খাবারের আনন্দটাই নষ্ট হয়ে যায়।”
সম্প্রতি পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘আজও অর্ধাঙ্গিণী’। ২০২৩ সালের প্রশংসিত সিনেমা ‘অর্ধাঙ্গিণী’–এর এই সিক্যুয়েলে আবারও ‘মেঘনা’ চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।