প্রায় আট বছর পর বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’র শুটিংয়ে অংশ নিতে স্বামী নিক জোনাস ও মেয়ে মালতি মেরিকে নিয়ে ভারতে পৌঁছেছেন তিনি।
রোববার বিমানবন্দর থেকে বের হওয়ার সময় প্রিয়াঙ্কা, নিক ও মালতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও সফর নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি অভিনেত্রী, ভারতীয় গণমাধ্যমের দাবি—রাজামৌলির নতুন সিনেমার শুটিংয়েই তিনি দেশে ফিরেছেন।
বিমানবন্দরে গাঢ় বাদামি রঙের কো-অর্ড সেট, অফ-শোল্ডার টপ, ক্যাপ ও সানগ্লাসে দেখা যায় প্রিয়াঙ্কাকে। নিক জোনাস ছিলেন কালো পোশাকে, আর কোলে ছিল তাঁদের মেয়ে মালতি মেরি।
‘বারাণসী’ সিনেমার মাধ্যমে ২০১৯ সালের ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এর পর আবারও ভারতীয় ভাষার চলচ্চিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। সম্প্রতি তাঁর জন্মদিনে ছবিতে অভিনীত ‘মন্দাকিনী’ চরিত্রের প্রথম লুক প্রকাশ করা হয়, যেখানে হাতে বন্দুক নিয়ে ভিন্ন এক রূপে ধরা দেন তিনি।
এস এস রাজামৌলি পরিচালিত এই সিনেমায় প্রিয়াঙ্কার সঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করছেন মহেশ বাবু। ছবিটি ২০২৭ সালের ৭ এপ্রিল মুক্তির পরিকল্পনা রয়েছে।
সম্প্রতি এক পডকাস্টে প্রিয়াঙ্কা মজার ছলে জানান, বলিউডের গসিপ সম্পর্কে অনেক সময় স্বামী নিক জোনাস তাঁর চেয়েও বেশি জানেন। নিকও স্বীকার করেন, তিনি নিয়মিত কয়েকটি বলিউড গসিপ অ্যাকাউন্ট অনুসরণ করেন।
উল্লেখ্য, ২০১৮ সালে বিয়ের পর ২০২২ সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে কন্যা মালতি মেরির বাবা-মা হন প্রিয়াঙ্কা ও নিক।