শক্তিশালী গল্পেই কাজ করতে চান সাদিয়া আয়মান

Share

ছোটপর্দার জনপ্রিয় ও গ্ল্যামারাস অভিনেত্রী সাদিয়া আয়মান অল্প সময়েই অভিনয় দক্ষতা ও পর্দায় প্রাণবন্ত উপস্থিতির মাধ্যমে দর্শকের মনে নিজের জায়গা করে নিয়েছেন। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি নিজের চলমান কাজ, অভিনয় দর্শন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন সংবাদমাধ্যমের সঙ্গে।

সাদিয়া জানান, বর্তমানে তিনি নতুন একটি নাটকের শুটিং নিয়ে ব্যস্ত। শুটিংয়ের ফাঁকেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য, “নতুন একটি প্রজেক্টের শুটিং শেষ করেই এখানে এসেছি। ‘ফ্যামিলি এক্সপ্রেস’ নাটকে আমি এবং সাজ্জাদ ভাই একসঙ্গে কাজ করছি।”

কাজের ক্ষেত্রে বরাবরই গল্প ও চরিত্রকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন সাদিয়া। তার মতে, একটি নাটক বা চলচ্চিত্র শুধু বিনোদনই নয়, দর্শকের মনে ইতিবাচক প্রভাবও ফেলতে পারে। তাই তিনি এমন গল্পে কাজ করতে চান, যা পরিবারের সবাই একসঙ্গে বসে উপভোগ করতে পারবেন।

এ বিষয়ে তিনি বলেন, “আমি খুব বেশি কাজ করি না। ভালো গল্প পেলেই কাজ করি। গল্পটি কী বলছে, সমাজকে কী দিচ্ছে—সেটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সব কাজেই যে বার্তা থাকবে, এমন নয়। তবে দিন শেষে আমার কাজ যেন পরিবারের সবাই একসঙ্গে দেখতে পারে, সেটাই চাই। বাচ্চা থেকে শুরু করে সব বয়সের দর্শক যেন স্বাচ্ছন্দ্যে আমার কাজ উপভোগ করতে পারেন। পাশাপাশি আমার চরিত্র সমাজে কী ধরনের প্রভাব ফেলছে, সেটাও আমি বিবেচনায় রাখি।”

ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও নিজেকে আরও বৈচিত্র্যময় চরিত্রে তুলে ধরতে চান এই অভিনেত্রী। এখন পর্যন্ত দুটি সিনেমায় অভিনয় করেছেন তিনি, যেখানে দুই ধরনের ভিন্ন চরিত্রে দেখা গেছে তাকে। ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে সাদিয়া বলেন, “এখন পর্যন্ত দুটি সিনেমায় কাজ করেছি এবং দুটি ভিন্ন চরিত্রে অভিনয় করেছি। চাই, আমার পরবর্তী সিনেমার চরিত্র ‘কাজলরেখা’ ও ‘উৎসব’-এর জেসমিনকেও ছাড়িয়ে যাক। সুযোগ পেলে সব ধরনের চরিত্রেই অভিনয় করতে চাই।”

ছোটপর্দা ও বড়পর্দার অভিনয়ের পার্থক্য নিয়ে তার দৃষ্টিভঙ্গিও স্পষ্ট। সাদিয়ার মতে, অভিনয়ের মূল জায়গা একই, শুধু মাধ্যমের ভিন্নতা রয়েছে। তিনি বলেন, “ছোটপর্দা আর বড়পর্দা বলে আমি আলাদা কিছু দেখি না। অভিনয় তো অভিনয়ই। ছোটপর্দায় কম ভালো আর বড়পর্দায় বেশি ভালো অভিনয় করি—এমন নয়। অভিনয় সবসময় মন দিয়ে করতে হয় এবং নিজের সর্বোচ্চটা দিতে হয়। শুধু মাধ্যমটাই আলাদা।”