ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিকৃতভাবে উপস্থাপন করা একটি পোস্টার প্রদর্শনের অভিযোগে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। ‘নিট’ পরীক্ষার অনিয়মের প্রতিবাদে আয়োজিত এক আন্দোলনে অংশ নেওয়ার সময় এই বিতর্কের সূত্রপাত হয়।
বিজেপির অভিযোগ, আন্দোলনে শ্রীলেখা ইচ্ছাকৃতভাবে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি সম্বলিত পোস্টার প্রদর্শন করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে নতুন ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) বিভিন্ন ধারায় অভিযোগ এনে আইনি ব্যবস্থা ও গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।
তবে শ্রীলেখা মিত্র অভিযোগ অস্বীকার করে বলেন, আন্দোলনের সময় পুলিশের লাঠিচার্জে সৃষ্ট বিশৃঙ্খলার মধ্যে তাড়াহুড়ো করে একটি পোস্টার হাতে নিয়েছিলেন। সেটিতে কী ছিল, তা খেয়াল করার সুযোগ পাননি। কারও প্রতি অসম্মান দেখানোর উদ্দেশ্য ছিল না বলেও তিনি দাবি করেন এবং রাজনৈতিক বিরোধিতাকে দেশদ্রোহিতার সঙ্গে না মেলানোর আহ্বান জানান।