জনপ্রিয় নাট্যঅভিনেত্রী অহনা রহমান তার সাবেক এক সহকারীকে ঘিরে বিব্রতকর পরিস্থিতির কথা প্রকাশ্যে এনেছেন। অভিনেত্রীর অভিযোগ, তার নাম ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছেন ওই তরুণী। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সোমবার (২৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন অহনা। একই সঙ্গে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে অভিযুক্ত সাবেক সহকারী আফিফাকে শেষবারের মতো কঠোর হুঁশিয়ারি দেন তিনি।
ফেসবুক পোস্টে অহনা রহমান জানান, রোববার গভীর রাতে একটি অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হন তিনি ও তার পরিবার। তার দাবি, আফিফা রাতের বেলায় তার বাসার নিচে এসে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেন। বিষয়টি জানাতে নিরাপত্তাকর্মীরা বাসায় ফোন করলেও পরিবারের সবাই গভীর ঘুমে থাকায় কেউ ফোন ধরেননি। পরে কোনো অনুমতি ছাড়াই তিনি ভোর ৬টা পর্যন্ত নিরাপত্তাকর্মীদের কক্ষেই অবস্থান করেন। রাতে চলে যেতে বলা হলে আফিফা নাকি বলেন, ‘এত রাতে একটা মেয়ে মানুষ আমি কোথায় যাব?’
অহনা আরও জানান, সকালে পরিবারের সদস্যরা হাঁটতে বের হলে নিরাপত্তাকর্মী ও আশপাশের লোকজন জানান, তাদের একজন ‘অতিথি’ রাত থেকে নিচে অপেক্ষা করছেন। পরে জানা যায়, তিনি অভিনেত্রীর সাবেক সহকারী আফিফা। অভিনেত্রীর অভিযোগ, ওই তরুণী বিভিন্ন মানুষের কাছে নিজেকে তার বোন পরিচয় দিয়ে আর্থিক সহায়তা চেয়ে বেড়াচ্ছেন।
স্ট্যাটাসে আফিফাকে উদ্দেশ করে অহনা রহমান লেখেন, ‘আফিফা খুব অল্প সময়ের জন্য আমার সহকারী ছিল। এই বার্তাটি তার জন্য শেষ সতর্কবার্তা। তোকে আমি বহুবার সতর্ক করেছি। এরপরও যদি আমাকে বিরক্ত করিস, তাহলে তোকে এবং তোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব।’
পোস্টের শেষে অভিনেত্রী সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি অনুরোধ করেন, তার নাম বা পরিচয় ব্যবহার করে কেউ আর্থিক সাহায্য বা লেনদেনের অনুরোধ করলে, যথাযথ যাচাই-বাছাই ছাড়া যেন কেউ তা বিশ্বাস না করেন।