বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে সর্বশেষ ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘মেরি ক্রিসমাস’ ছবিতে বিজয় সেতুপতির বিপরীতে দেখা গেছে। এরপর থেকে নতুন কোনো সিনেমায় তার উপস্থিতি না থাকায় অভিনয়ে ফেরা নিয়ে ভক্তদের আগ্রহ দিন দিন বেড়েছে।
২০২১ সালের ডিসেম্বরে অভিনেতা ভিকি কৌশলকে বিয়ে করেন ক্যাটরিনা। তাদের বিয়ের ছবি সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে এবং ভারতের ইনস্টাগ্রামে অন্যতম বেশি লাইক পাওয়া পোস্টে পরিণত হয়।
২০২৫ সালের ৭ নভেম্বর এই তারকা দম্পতির ঘরে জন্ম নেয় প্রথম সন্তান, বিহান কৌশল। বর্তমানে পরিবার, দাম্পত্য ও মাতৃত্ব নিয়েই বেশি সময় কাটাচ্ছেন অভিনেত্রী।
সম্প্রতি গুঞ্জন ওঠে, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পিরিট’-এ প্রভাসের বিপরীতে অভিনয় করে বড় পর্দায় ফিরবেন ক্যাটরিনা। খবরটি সত্য হলে প্রায় দুই দশক পর আবারও তেলুগু সিনেমায় দেখা যেত তাকে। এর আগে ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘মল্লীশ্বরী’ এবং ‘অল্লী পিডুগু’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি।
তবে এই গুঞ্জনকে ভিত্তিহীন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। গণমাধ্যমটির উদ্ধৃত এক বিশ্বস্ত ইন্ডাস্ট্রি সূত্রের দাবি, ‘স্পিরিট’-এ ক্যাটরিনা কাইফের যুক্ত হওয়ার খবরের কোনো সত্যতা নেই। অভিনেত্রীর অভিনয়ে ফেরার বিষয়ে যেসব তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলো কেবল অনুমাননির্ভর এবং ভুল তথ্যের ওপর ভিত্তি করে তৈরি।
দীর্ঘদিন ধরেই ভক্তদের প্রশ্ন, কবে আবার পর্দায় ফিরবেন ক্যাটরিনা কাইফ। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা মন্তব্য করেননি তিনি।
উল্লেখ্য, ‘মেরি ক্রিসমাস’ ছাড়াও ক্যাটরিনা কাইফের ক্যারিয়ারের উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’, ‘নিউ ইয়র্ক’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘জব তক হ্যায় জান’ এবং ‘রাজনীতি’।