অহনার বোন পরিচয়ে টাকা চান তরুণী, সতর্ক করলেন অভিনেত্রী

Share

জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমানকে ঘিরে নতুন এক বিতর্কের সৃষ্টি হয়েছে। নিজের সাবেক এক সহকারীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে বেশ কিছু গুরুতর অভিযোগ তুলে ধরেছেন তিনি। সোমবার (২৭ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান এই অভিনেত্রী।

অহনা রহমানের দাবি, রোববার দিবাগত রাত প্রায় ১টার দিকে তার সাবেক সহকারী আফিফা বাসার নিচে এসে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে প্রবেশের চেষ্টা করেন। নিরাপত্তারক্ষীরা বিষয়টি জানাতে বাসায় ফোন করলেও পরিবারের সবাই ঘুমিয়ে থাকায় কেউ ফোন ধরেননি। পরে ওই তরুণী নিরাপত্তারক্ষীদের কক্ষেই ভোর ৬টা পর্যন্ত অবস্থান করেন। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, রাতে চলে যেতে বলা হলে তিনি বলেন, ‘এত রাতে আমি একটা মেয়ে মানুষ, কোথায় যাব?’

সকালে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে বিস্মিত হন। পরে তারা জানতে পারেন, ওই তরুণীর নাম আফিফা, যিনি একসময় অল্প সময়ের জন্য অহনা রহমানের সহকারী হিসেবে কাজ করেছিলেন।

ফেসবুক পোস্টে অভিনেত্রী আরও অভিযোগ করেন, আফিফা বিভিন্ন ব্যক্তির কাছে নিজেকে তার বোন পরিচয় দিয়ে অভিনেত্রীর নাম ব্যবহার করে অর্থ দাবি করছেন। এ ধরনের কোনো অনুরোধ পেলে যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস না করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

সাবেক সহকারীকে উদ্দেশ করে অহনা রহমান লেখেন, “আফিফা খুব অল্প সময়ের জন্য আমার অ্যাসিস্ট্যান্ট ছিল। এই পোস্টটি তার জন্য শেষ সতর্কবার্তা। তোকে আমি অনেকবার সতর্ক করেছি। এরপরও যদি আমাকে বিরক্ত করিস, তাহলে তোকে এবং তোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব।”

অভিনেত্রীর এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে এ বিষয়ে অভিযুক্ত আফিফার কোনো বক্তব্য এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি। পাশাপাশি, অভিনেত্রীর উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।