শিল্পী সমিতিকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার চেষ্টা করব: শিবা শানু

Share

ঢাকাই চলচ্চিত্রের খল-অভিনেতা শিবা শানু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হওয়ার পর সংগঠন নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন। প্রায় তিন দশকের অভিনয়জীবনে চার শতাধিক সিনেমায় কাজ করা এই অভিনেতা বলেন, শিল্পীদের স্বার্থ রক্ষা ও সংগঠনের উন্নয়নই হবে তার মূল লক্ষ্য।

এক সাক্ষাৎকারে শিবা শানু জানান, সিনেমা নির্মাণ কমে যাওয়ায় অনেক শিল্পী ও কলাকুশলী কর্মহীন হয়ে পড়ছেন। এ সমস্যা সমাধানে নির্মাতাদের সঙ্গে আলোচনা করছেন এবং ঈদকেন্দ্রিকতার বাইরে নিয়মিত সিনেমা নির্মাণের বিষয়ে উৎসাহ দিচ্ছেন।

রাজনৈতিক সম্পৃক্ততা প্রসঙ্গে তিনি বলেন, চলচ্চিত্র শিল্পী সমিতি একটি অরাজনৈতিক সংগঠন। তাই নিজের রাজনৈতিক পরিচয়ের কোনো প্রভাব সংগঠনে পড়তে দেবেন না। তিনি বলেন, “শিল্পী সমিতিকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার চেষ্টা করব।”

এ ছাড়া শিল্পীদের নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব দিয়ে শিবা শানু বলেন, মূলধারার সাংবাদিকতা চলচ্চিত্রের জন্য সহায়ক হলেও কিছু অনলাইন কনটেন্টে বিভ্রান্তিকর উপস্থাপনা শিল্পীদের ক্ষতি করে।