মুক্তির মাত্র একদিনেই ৩০ লাখের বেশি ভিউ পেয়ে আলোচনায় এসেছে নাটক ‘পথহারা মন’। নাটকটির গল্প, নির্মাণশৈলী ও অভিনয়ের প্রশংসা করছেন দর্শকরা।
মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এই নাটকে অভিনয় করেছেন জাহিদ হাসান, তানজিম সাইয়ারা তটিনী, খায়রুল বাসার, মুনীরা মিঠুসহ একাধিক জনপ্রিয় শিল্পী। বিশেষ করে জাহিদ হাসানের অভিনয় দর্শকের নজর কেড়েছে।
নাটকটির সহশিল্পী মুনীরা মিঠু সামাজিক যোগাযোগমাধ্যমে এর প্রশংসা করে বলেন, শক্তিশালী অভিনয়শিল্পীদের সমন্বয়ে নির্মিত ‘পথহারা মন’ দর্শকের মন ছুঁয়ে যাবে।
মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নাটকটির গল্প ও অভিনয় নিয়ে চলছে আলোচনা। পারিবারিক আবেগঘন গল্প ও শিল্পীদের সাবলীল অভিনয়ই এর সাফল্যের অন্যতম কারণ বলে মনে করছেন দর্শকরা।