কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন। ওপার বাংলার দর্শকদের কাছে ‘পাখি’ নামে পরিচিত এই অভিনেত্রী এবার ঢাকাই সিনেমায় অভিষেক করতে যাচ্ছেন।
মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘গুলশানের চামেলি’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাঁকে।
নতুন সিনেমায় নিজের চরিত্র ও গল্প নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘ছবিটির গল্প খুবই আলাদা এবং ইউনিক। এমন ধরনের চরিত্র কলকাতায় আমি আগে করিনি।
তবে ‘গুলশানের চামেলি’র চরিত্রটি তাঁর জনপ্রিয় ‘পাখি’ চরিত্রকে ছাড়িয়ে যেতে পারবে কি না, এমন প্রশ্নের জবাবে মধুমিতার উত্তর বেশ আবেগঘন।
তিনি বলেন, ‘সেই ‘বোঝে না সে বোঝে না’ এর ‘পাখি’ চরিত্রটির জন্য এত এত ভালোবাসা পেয়েছি, যা অভাবনীয়। আপনারা সবাই আমাকে দেখলে যেমন ‘পাখি’ বলে ডাকেন তেমনি আমি চাইব বাংলাদেশে এমন একটা প্রজেক্ট হোক যেটার নামে আপনারা আমাকে ন্যাচারালি চেনেন। যেমন ‘চামেলি’। আলাদা করে যেন ‘পাখি’ বলে চেনাতে না হয়। আমি চাই এই সিনেমার চামেলি হয়ে সবার ভালোবাসা পেতে। পাখি নয়, সবাই যেন এখানে আমাকে চামেলি হিসেবে চেনে, ভালোবাসা দেয়। সবার কাছে ভালোবাসা চাই, যেন আমি এখান থেকে নতুন একটি নামে যেন পরিচিত হতে পারি।’