নতুন নাটকে মালাইকা, অভিনয়ে আসছে নতুন চমক

Share

গুটিকয়েক নাটক দিয়েই দর্শকদের নজর কেড়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরী। দীর্ঘ বিরতির পর এবার নতুন নাটক নিয়ে পর্দায় ফিরছেন তিনি।

 

মাসরিকুল আলম পরিচালিত ‘আমার রাজ্যে তুমি’ নাটকে অভিনয় করেছেন মালাইকা। ভালোবাসা, ভাগ্য ও সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত নাটকটি শিগগিরই মুক্তি পাবে ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে।

 

নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, এটি এমন কিছু মানুষের গল্প, যারা গভীর ভালোবাসার পরও সময়, ভুল সিদ্ধান্ত ও বাস্তবতার কাছে হার মানে। সম্পর্কের জটিলতা ও মানুষের আবেগই গল্পের মূল বিষয়।

 

‘আমার রাজ্যে তুমি’ নাটকে প্রথমবারের মতো তৌসিফ মাহবুবের সঙ্গে জুটি বেঁধেছেন মালাইকা। এতে আরও অভিনয় করেছেন কেয়া পায়েল। মালাইকা জানান, গল্পের ভিন্নতা ও সহশিল্পীদের কারণে কাজটি নিয়ে তিনি আশাবাদী।

 

এর আগে ‘সন্ধিক্ষণ’, ‘ক্ষতিপূরণ’ ও ‘অনুতপ্ত’ নাটকে অভিনয় করে প্রশংসা পেয়েছেন মালাইকা। তবে অভিনয়ের পাশাপাশি পড়াশোনাকে গুরুত্ব দেওয়ায় নিয়মিত কাজ করেন না তিনি। তার ভাষ্য, পড়াশোনার ফাঁকেই অভিনয় চালিয়ে যাচ্ছেন এবং ধীরে ধীরে নিজেকে গড়ে তুলতে চান।

 

অল্প সময়ের ক্যারিয়ারে কয়েকটি নাটক দিয়েই দর্শকদের কাছে পরিচিতি পাওয়া মালাইকা এখন বেছে বেছে সহজ ও হৃদয়ছোঁয়া গল্পে কাজ করতে আগ্রহী।