যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে ‘দেয়ালের দেশ’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। এ অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক মাধ্যমে তিনি জানান, এই স্বীকৃতি শুধু তার একার নয়, বরং সিনেমার সঙ্গে যুক্ত প্রতিটি মানুষের সম্মিলিত পরিশ্রমের ফল।
বুবলী পরিচালক মিশুক মনি, প্রযোজক, লেখক, সহশিল্পী ও পর্দার পেছনের সব কলাকুশলীর প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি উৎসবের আয়োজক, পরিবার, বন্ধু এবং দীর্ঘদিন ধরে পাশে থাকা শুভাকাঙ্ক্ষীদেরও ধন্যবাদ জানান তিনি। দর্শকদের উদ্দেশে বুবলী বলেন, তাদের ভালোবাসা ও সমর্থনই তাকে প্রতিনিয়ত আরও ভালো কাজের অনুপ্রেরণা দেয়। ভবিষ্যতেও নতুন গল্প ও স্মরণীয় চরিত্র নিয়ে দর্শকদের সামনে হাজির হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন এই অভিনেত্রী।