আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসব-২০২৬-এর ১০ম আসরের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে। বাংলাদেশ, ভারত ও সিঙ্গাপুরের ত্রিদেশীয় উদ্যোগে আয়োজিত এ উৎসবে বিচারকের দায়িত্ব পালন করেছেন নির্মাতা নাজনীন হাসান খান।
জুরি বোর্ডে তার সঙ্গে ছিলেন অভিনেতা মোশাররফ করিম, অভিনেতা ও পরিচালক শামীম জামানসহ অনেকে। উৎসবের আয়োজনের প্রশংসা করে নাজনীন হাসান খান নতুন নির্মাতাদের আরও সুযোগ দেওয়ার আহ্বান জানান।
এবার দেশ-বিদেশ থেকে ৭৫টি চলচ্চিত্র জমা পড়ে। এর মধ্যে বিভিন্ন বিভাগে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। সেরা সিনেমার পুরস্কার পেয়েছে ‘দ্য পেনান্স’। সেরা অভিনেতা মেঘলা পিনারু, সেরা চিত্রনাট্যকার কৌশিক গাঙ্গুলী, সেরা মিউজিক ডিরেক্টর আদিত্য সন্ন্যাসী এবং সেরা সম্পাদক নির্বাচিত হয়েছেন নম্রতা রাও।
প্রতিভাবান নতুন নির্মাতা ও শিল্পীদের কাজের মূল্যায়ন এবং তাদের বিকাশের সুযোগ করে দিতে প্রতিবছর এ আয়োজন করছে বাভাসি চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ।